নিহতদের স্বজনদের কাছে সহায়তা প্রদান করা হচ্ছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিএনজি ও মাইক্রবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯) ও একই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া, টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিএনজি চালক কালন মিয়া (৩৬), উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী, ইসলামপুর ইউনিয়নের টোকেরগাঁও গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রিতা আক্তার, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একব্বর আলী ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের দোয়াত আলীর ছেলে আবু তাহের।
এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্বজনদের কাছে প্রত্যেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জানান, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে লাশ দাফন কার্যের জন্য নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ের সামনে সুন্দ্রগাঁও নামক স্থানে মাইক্রোবাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক সহ ৫ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় ৭ জন।
এছাড়া, আহতদের মধ্য ৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ও বাকি ৯ জন যাত্রী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা যায়।
জৈন্তা বার্তা



