পানির ঢলে রাস্তা প্লাবিত
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবাহিত খরস্রোতা পিয়াইন, সারী ও গোয়াইন নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।
পানি বাড়ার ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সরজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পিয়াইন নদীর প্রবল স্রোতে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আশপাশের ১০টি গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পানিতে প্লাবিত হয়েছে আঞ্চলিক রাস্তা। এ দিকে পানির কারণে গোয়াইনঘাট-রাধানগর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
একাধিক স্থানে নৌপারাপারের মাধ্যমে উপজেলার সঙ্গে যোগাযোগ সচল রয়েছে। সারী-গোয়াইনঘাট ও গোয়াইনঘাট-সালুটিকর সড়কেও যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাউবো সূত্র জানায়, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তা দ্রুত বিপদসীমা অতিক্রম করতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, প্লাবিত এলাকায় প্রশাসন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৬টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। জনসাধারণের জানমাল রক্ষায় গতবারের মতো এবারও প্রতিটি ইউনিয়নে ইমার্জেন্সি রেসকিউ টিম প্রস্তুত রাখা আছে। এখনো বন্যায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জৈন্তাবার্তা/এমকে




