সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৩:৪৪:০৩ অপরাহ্ন

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সংগৃহীত


সিলেটের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাসের হার ও ভর্তির সংখ্যা বাড়ালেই হবে না, তাদের পাঠদক্ষতা ও গণিতের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে হবে।শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা পরিষদ আয়োজিত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটে শিক্ষার সামগ্রিক চিত্র নিয়ে সম্প্রতি একটি কর্মশালায় আলোচনা হয়েছে। সেখানে উঠে এসেছে, শিক্ষার্থী ভর্তি, পাসের হার এবং শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে রয়েছে। ঝরে পড়ার হারও এখানে বেশি। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য আশাব্যঞ্জক। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও মেয়েরা ভালো করছে। প্রশাসনেও নারীদের অংশগ্রহণ ও দক্ষতা প্রশংসনীয়।সিলেটের শিক্ষার পিছিয়ে পড়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, কার্যকর সাক্ষরতার (ফাংশনাল লিটারেসি) ক্ষেত্রেও একসময় সিলেট দেশের অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে। কার্যকর সাক্ষরতা বলতে পড়তে, লিখতে ও সাধারণ হিসাব করতে পারার সক্ষমতাকে বোঝায়। এ জায়গায় সিলেটের অবস্থার উন্নয়ন জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের সংখ্যা কিংবা শিক্ষার্থী ভর্তির হার বাড়ানো যথেষ্ট নয়। শিক্ষার্থীদের পড়ার সক্ষমতা ও গণিতের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষা, সরকারি শিক্ষা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সামঞ্জস্য তৈরি করতে হবে। শিক্ষাব্যবস্থার মধ্যে অতিরিক্ত বিভাজন একটি দেশের জন্য স্বাস্থ্যকর নয়।কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সমন্বয় ঘটুক। যাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থী অন্তত একটি কর্মমুখী দক্ষতা অর্জন করে বের হতে পারে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ না করলেও সেই দক্ষতা যেন তার উপার্জনের সুযোগ তৈরি করে।মন্ত্রী বলেন, এসব পরিকল্পনা ও উদ্যোগের সমন্বয়ে সিলেটকে একটি প্রাণবন্ত ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা সম্ভব। এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলা পরিষদ অত্যন্ত প্রাচীন একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকে বিভিন্ন পর্যায়ে বিবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আজকের কাঠামোতে এসেছে। স্থানীয় সরকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জেলা পরিষদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, বৃত্তির অর্থের পরিমাণ হয়তো খুব বেশি নয়, তবে জেলা পরিষদের পক্ষ থেকে এ স্বীকৃতি ও সম্মান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই প্রত্যাশা।সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরাফাত গিলমান, নাজিহা সুলতানা নাজহা, শাহরিয়ার নাদিম ও তানিয়া আক্তার।সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান তিনি।তিনি বলেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে—এটাই তাঁর প্রত্যাশা।অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন কৃতী শিক্ষার্থীকে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ