ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক আদনান সামী উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুল বারীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করেছে। এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আটকের বিষয়ে ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু বলেন, আদনান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বর্তমান পরিস্থিতিতেও তিনি শেখ হাসিনার পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে আসছিলেন। এ কারণে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাঁকে কোনো ধরনের মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।
রেজাউল হক রাজু জানান, আটকের সময় তাঁর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আইন উদ্দিন ওয়াইসি, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, উপজেলা ছাত্রদলের মুস্তাকিম আহমেদ, জিহাদ আহমেদ, জুনায়েদ আহমেদ এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আদনান সামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। আদনানের চাচাতো ভাই লিটন আহমদ বলেন, আদনান কখনো ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি মূলত ওয়াইফাই (ইন্টারনেট) ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তিনি গ্রামের পাশেই তাঁর দোকানে বসা ছিলেন।
লিটন আহমদের অভিযোগ, উপজেলা শ্রমিক লীগের এক নেতা ওয়াইফাই সংযোগ নেওয়ার কথা বলে কৌশলে আদনানকে টুকেরবাজারে ডেকে নেন। সেখানে তাঁকে ঘিরে লোকজন জড়ো করে মারধর করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে এ ঘটনায় আদনানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার তথ্য বা তাঁর বিরুদ্ধে পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




