সংগৃহীত
ভ্রমণের আনন্দের তুলনা হয় না, রোমাঞ্চকর যাত্রা পথে যদি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে থুত্থুরে বুড়ির গল্পটাও জমে যায় তাহলে তো কথাই নাই। জীবনের জটিল যাত্রায় একটু বিরতিই জীবনের মানে খুঁজে দেয়, এনে দেয় প্রশান্তি। মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি-কান্না, দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন-অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণ সঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, দীঘি আর দিলারা জামানসহ অনেকে। চরকি প্রযোজনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। পরিচালনায় কাজী আসাদ।
আগামী বছর (২০২৭) ঈদে সিনেমাটি মুক্তি পাবে বড়পর্দায়। চরকি প্রযোজিত সিনেমাটি শুটিংয়ের জন্য এরইমধ্যে কুয়াকাটা অবস্থান করছে পুরো ইউনিট। ‘যাত্রা বিরতি’ সিনেমায় মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।
মোশাররফ করিম-সুমাইয়া শিমু জুটিও ছিল বিরতিতে। ’যাত্রা বিরতি’ দিয়ে ফিরছেন তারা, তাও আবার বড়পর্দায়। আগের কাজগুলোতে এই জুটির রসায়ন যেকোনো অনুভূতিকেই নিয়ে গেছে দর্শকদের হৃদয়ের কাছাকাছি। ’যাত্রা বিরতি’ সিনেমার অনুভূতিও দর্শকদের আবেগি করে তুলবে এ জুটির রসায়ন, মনে করেন নির্মাতা।
নির্মাতা কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’
এর আগে নির্মাতা কাজী আসাদ ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ ও ফিল্ম ‘লাইফলাইন’। দুটি কনটেন্টই জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। কনটেন্ট দুটির গল্প এবং দৃশ্যায়ন প্রশংসিত হয়েছে বিশেষ করে। এবার সেই নির্মাতা নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। ’যাত্রা বিরতি’র মধ্যদিয়ে প্রথমবারের মতো বড়পর্দার জন্য কাজ করছেন কাজী আসাদ।
‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। কুয়াকাটা ও অনেক দর্শনীয় স্থানে আগামী ডিসেম্বর পর্যন্ত এর শুটিং চলবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




