সংগৃহীত
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
আবেদনে বলা হয়, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও বিবাদী আদালতে হাজির হননি। তার এ আচরণ আদালত অবমাননার শামিল। এ ছাড়া মামলা দায়েরের পরও বিবাদী বাদীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের কটূক্তি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একান্ত প্রয়োজন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, ‘আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে আসেননি। এজন্য আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি।’
তিনি আরও বলেন, ‘আজ বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।’
জৈন্তাবার্তা/ সুলতানা




