সংগৃহীত
মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ে শারীরিক কসরত (পিটি) চলাকালীন এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করেন শিক্ষকরা। শারীরিক শিক্ষার শিক্ষক বাঁশিতে ফুঁ দিলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে লাইনে দাঁড়ান। শুরু হয় শারীরিক কসরত।এর ৩-৪ মিনিটের মাথায় হঠাৎ একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে।
এসময় জ্ঞান হারিয়ে ফেলে কয়েকজন। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বিদ্যালয়ের উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সীমা আক্তার নামের একজন অভিভাবক বলেন, ‘কোনো কারণ ছাড়া কেন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লো তা চিন্তার বিষয়।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম বলেন, ‘কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন।’
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক ও আরও দায়িত্বশীল হতে পরামর্শ দেওয়া হয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




