সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যায়।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বিজিবির নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বাধীন টহল দল দেখতে পায়, এক ভারতীয় নাগরিক দুই বাংলাদেশি ব্যক্তির সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলান বর্মনকে আটক করা হয়। তবে তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারের যতিন্দ্র বর্মনের স্ত্রী বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
আটক নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক নারী ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এফআইআর নং-২১, তারিখ ২৩ নভেম্বর ২০২৬, দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




