সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়। এসময় সিটি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের উপস্থিতি ছিলেন।
এসময় তিনি বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় সাতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২ সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনে আগে ২৭ ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে এখন মোট ৪২টি ওয়ার্ড। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন।
২০১৮ সালে সিটি নির্বাচনে সিলেট নগরের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। কেন্দ্র ছিল ১৩৪টি, ভোট কক্ষ ছিল ৯২৬টি এবং অস্থায়ী কক্ষ ছিল ৩৪টি। এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি।
২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।
জৈন্তাবার্তা/এমকে




