ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে নেশনওয়াইড অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেইটেড ডেভলাপমেন্ট নিড এর উদ্যোগে উপজেলার ১১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
০৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদমতলাস্থ একটি আবাসিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল বলেন, আমাদের পরিকল্পিত ভাবে গাছ লাগাতে হবে। পরিকল্পিত ভাবে গাছ লাগালে সেই গাছ একটা সময় কাজে আসবে। আমরা অনেক সময় অপরিকল্পিতভাবে গাছের চারা রোপণ করি। ফলে একটা সময় সেই গাছ আমাদের কেটে ফেলতে হয়। যাতে গাছ কাটতে না হয় সেই ভাবে গাছ লাগাতে হবে।
নিডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডার আনোয়ার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মুহিব হাসানের পরিচালনায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান ও নেইড এর উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, নেইড এর পরিচালক ও যুক্তরাজ্যের কার্ডিফ সিটির কাউন্সিলর দিলোয়ার আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক ছানি, এস ও এস শিশু পল্লির প্রকল্প পরিচালক ইউসুফ আলী প্রমুখ।
এসময় সংগঠনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয় জানিয়ে সংগঠনের পক্ষে সমাপনী বক্তব্যে নিডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডার আনোয়ার আলী জানান, প্রতিষ্ঠার ২৪ বছর ধরে নিড জনস্বার্থ ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। যার ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগ, অসহায়দের মানবিক সহায়তা ও অর্ধ শতাধিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য পড়া লেখার দ্বায়িত্ব চালিয়ে যাওয়া হচ্ছে। বিগত বছর নিডের পক্ষ থেকে ওসমানীনগরে ১১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। তার মধ্যে প্রায় ৮০ ভাগ চারা গাছ এখন বড় হয়েছে। এবছর ১শত ১০টি বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ১টি ফলজ ও ১টি বনজ গাছসহ মোট ১৩ হাজার গাছের চারা বিতরণ করবেন।
জৈন্তাবার্তা/এমকে




