ছবি : সংগৃহীত
রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং রাস্তায় ঘুরে বেড়াতেন। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার বলেন, ভোরে ফজরের নামাজ শেষে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটার সময় রেললাইনের পাশে মরদেহটি দেখতে পাই। বৃদ্ধার মাথা ও পেটে ট্রেনে কাটার চিহ্ন রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর এখনও পাইনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
জৈন্তাবার্তা / সুলতানা




