সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ AM

‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ১১:৪৬:৫২ PM

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

ছবি:সংগৃহীত


 ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে সিলেটে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ উৎসবে হাজারো ভক্ত-অনুরাগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দুপুরে ইসকন মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে হরিধ্বনি, শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সুসজ্জিত রথ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো নগরী উৎসবের রঙে মুখর হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেট হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এ অঞ্চলে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য ও সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিক। প্রতিটি ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। রথযাত্রাসহ সব ধর্মীয় আয়োজনে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।

অনিরুদ্ধ দাশ বলেন, ‘রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে, তা আরও সুদৃঢ় হোক-এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়াও বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশসহ অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে সুসজ্জিত রথ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ভক্তদের হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা জানান, রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন সিলেটে কয়েকদিনব্যাপী ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, যুব সেমিনার এবং বিভিন্ন ধর্মীয়-সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী