ছবি:সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের স্বার্থ রক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় সিলেট সার্কিট হাউসে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও অর্থ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ। এছাড়া সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্কেট ও ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি তা মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির আসন্ন অভিষেক অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে তাঁর সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




