ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা সড়কের ওপর গাড়ি এলোমেলোভাবে রেখে অবরোধ করায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌর শহরে সিএনজি অটোরিকশা যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। এ সময় অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে সাতটি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাইদুর রহমান নামে এক পরিবহন শ্রমিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে কয়েকজন শ্রমিককে আটক ও একজনকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পরে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা প্রধান সড়কের ওপর গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের পরিচালিত মোবাইল কোর্টের প্রতিবাদে মিছিল করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন।
পরে শ্রমিকদের একটি দল কুলাউড়া থানার ভেতরে গিয়ে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। পরে থানায় থাকা তিন শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং উপজেলা জাসাসের সদস্য সচিব মো. সালমান হোসাইনসহ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।
তারা আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবিগুলো সম্মানজনকভাবে সমাধানের আশ্বাস দেন। পরে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
প্রশাসনের বক্তব্য
সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, ‘পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। শহরের মূল সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘যানজট নিরসনে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে আটক একজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজন শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, ‘কুলাউড়া পৌর শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়েছিল। সভায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিটি স্ট্যান্ডে সর্বোচ্চ দুটি করে গাড়ি রাখাসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকরও হয়। কিন্তু এরপরও আগের মতো যত্রতত্র গাড়ি পার্কিং করায় বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
অন্যদিকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমাছ আহমদ বলেন, ‘আমাদের শ্রমিকদের জরিমানা করে আটক করা হয়েছে। তাদের মুক্তির দাবিতে আমরা আন্দোলন করেছি। আমাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




