নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ১১:৩০:৩৯ অপরাহ্ন

নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাসদের

ছবি:সংগৃহীত


মার্কিন বাণিজ্য চুক্তি এবং চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ সিলেট জেলা শাখা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় সিলেটের ইলেকট্রিক সাপ্লাই রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর। সঞ্চালনা করেন জেলা শাখার সদস্যসচিব প্রণব জ্যোতি পাল।

সমাবেশে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা শাখার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও সাধারণ সম্পাদক প্রীতম দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শহিদ আহমদ ও বেলাল হোসেন, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ এবং সংগ্রাম পরিষদের মঞ্জিল হোসেন, সৌকত আহমদ ও তানভীর আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত অন্তর্বর্তী সরকার নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তা দেশের কৃষি, ওষুধশিল্পসহ আর্থিক ও বাণিজ্যিক খাতের জন্য হুমকি। তাঁদের দাবি, চুক্তিটি দেশের সার্বভৌমত্বের জন্যও ঝুঁকি তৈরি করেছে। জনমত উপেক্ষা করে বর্তমান সরকার চুক্তিটি বাতিল না করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা দেশ ও জাতির জন্য অশনিসংকেত।

বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশি-বিদেশি লুটপাটের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হতে দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।

নিউমুরিং টার্মিনাল ইজারা প্রসঙ্গে তাঁরা বলেন, লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগের মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চুক্তির প্রসঙ্গ তুলে তাঁরা দাবি করেন, এ ইজারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে দেশবাসীকে রাজপথে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বন্দর ইজারা চুক্তির দিনটিকে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুঠি’ আখ্যা দিয়ে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন। তাঁদের ভাষ্য, দেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে।

গত ৮ অক্টোবর বিনিয়োগ ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠিপেটার অভিযোগও করেন বক্তারা। তাঁদের দাবি, ওই ঘটনায় জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হন। সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: