তত্ত্বাবধান ছাড়া তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশে নিষেধ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ AM

জৈন্তাপুর বটতলার সভায় তিন সিদ্ধান্ত

তত্ত্বাবধান ছাড়া তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশে নিষেধ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ১২:৪৬:৩৯ AM

তত্ত্বাবধান ছাড়া তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশে নিষেধ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর সদরের ঐতিহাসিক বটতলায় সাদপন্থিদের (তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারী) কার্যক্রম নিয়ে আলেম সমাজ, মুরব্বিয়ান ও তাবলিগি সাথীদের সমন্বয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ২টায় ঐতিহাসিক জৈন্তা ইরাদেবী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উলামায়ে কেরাম, ১৭ পরগণার মুরব্বিয়ান, আলেম সমাজ, তাবলিগি সাথী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সভায় সাদপন্থিদের কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির হাফিঃ-এর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কুদ্দুস হাফিঃ-এর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য দেন শায়খুল হাদীস মুবাশ্বির আলী, মাওলানা আবু হানিফ, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওলিউর রহমান ও মাওলানা ফয়জুল ইসলাম।

১৭ পরগণার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন, তাহির আলী, আব্দুর রব, ইউসুফ মেম্বার ও পারভেজ। এ ছাড়া ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও তাবলিগি সাথীরা উপস্থিত ছিলেন।

সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে

সভায় স্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতের মারকাজ পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া জৈন্তাপুর মডেল মসজিদে অনৈসলামিক কার্যক্রম ও মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে তিনজন প্রতিনিধির পরামর্শক্রমে প্রতি মাসে জৈন্তাপুর মডেল মসজিদে ইসলাহি মাহফিল আয়োজন করা হবে।

সভায় বক্তারা সাদপন্থিদের কার্যক্রমের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং জৈন্তাপুরে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। সাদপন্থিদের কার্যক্রম বন্ধের দাবিই সভার মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: