দুর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর থানায় মতবিনিময়
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ AM

নিরাপত্তা, সিসি ক্যামেরা সচল ও সার্বক্ষণিক নজরদারির আশ্বাস পুলিশের

দুর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর থানায় মতবিনিময়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ১১:১০:৩৩ PM

দুর্গাপূজা উপলক্ষে জৈন্তাপুর থানায় মতবিনিময়

ছবি:সংগৃহীত


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে জৈন্তাপুর মডেল থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর।

সভায় জানানো হয়, চলতি বছর জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

সভায় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের আয়োজন, নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। কয়েকটি পূজামণ্ডপের অচল সিসি ক্যামেরা দ্রুত সচল করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান তাঁরা। একই সঙ্গে পূজার পুরো সময়ে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নিয়মিত নজরদারির দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুরে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের একটি প্রতিনিধি দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি উপজেলার ছয়টি ইউনিয়নের সব পূজামণ্ডপে প্রতিদিন পুলিশের বিশেষ টিম নিয়মিত টহল দেবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পক্ষ থেকে একটি রেজিস্টার রাখা হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিদর্শনের সময় সেখানে স্বাক্ষর করবেন।

কোনো ধরনের সমস্যা বা সন্দেহজনক ঘটনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে ওসি বলেন, পূজামণ্ডপগুলোর জন্য হটলাইন নম্বর দেওয়া হবে। কোনো কারণে হটলাইনে যোগাযোগ করা সম্ভব না হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করতে হবে।

মহাসড়কের পাশে থাকা পূজামণ্ডপগুলোর আশপাশে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। সীমান্তবর্তী মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের বাড়তি নজরদারি রাখার পাশাপাশি প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া পূজামণ্ডপের আশপাশে অস্থায়ী দোকানপাটের কারণে যাতে দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন না ঘটে, সেদিকেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পরিমিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে আলোকসজ্জার জন্য পৃথক জেনারেটর ব্যবহারের আহ্বান জানানো হয়।

প্রতিমা স্থাপনের আগে সংশ্লিষ্ট পূজামণ্ডপ কর্তৃপক্ষকে পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে পুলিশি নিরাপত্তায় প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি। বিসর্জন পর্যন্ত পুলিশ মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশ্বাস দেন।

প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের তালিকা থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। আজান ও নামাজের সময় সীমিত সময়ের জন্য মাইক, বাদ্যযন্ত্র ও ঢাক-ঢোল বন্ধ রাখারও অনুরোধ করা হয়। অচল সিসি ক্যামেরাগুলো দ্রুত সচল করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপনের বিষয়েও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত পূজামণ্ডপের নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ পূজামণ্ডপে আমন্ত্রণ জানান।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি যাদব চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাশ, জৈন্তাপুর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শঙ্কর দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক রতন দে, সিনিয়র সভাপতি বাদল মণি দত্ত, দুলাল চন্দ্র দেব, প্রণত কান্ত দেব, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতী রানীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভা শেষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ পুলিশের উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: