ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কর্মসূচি শেষে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট সরকারি কলেজের গেটসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে আন্দোলনকারীরা পিরিজপুর-সোনারহাট সড়কের বেহাল অংশগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
পরে সাধারণ মানুষ ও জরুরি যাত্রীদের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সঙ্গে দেখা করেন।
এ সময় ইউএনও আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সড়কটি দ্রুত সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদের কার্যালয়ে তালা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবি, পিরিজপুর-সোনারহাট সড়কের বেহাল অংশগুলো দ্রুত সংস্কার করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে সড়ক সংস্কারে দ্রুত কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




