মসজিদ বি/রোধের জেরে বাড়িতে হা/মলা, গৃহবধূ আহত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM

ওসমানীনগরে ৬ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

মসজিদ বি/রোধের জেরে বাড়িতে হা/মলা, গৃহবধূ আহত

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৪:০৯:০৯ PM

মসজিদ বি/রোধের জেরে বাড়িতে হা/মলা, গৃহবধূ আহত

সংগৃহিত


সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে পূর্বশত্রুতা ও মসজিদসংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। তিনি বাদী হয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কালনীরচর গ্রামের পূর্ব পঞ্চায়েত মসজিদের কাজকে কেন্দ্র করে বাদীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই জেরে গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টার দিকে ১ নম্বর বিবাদীর প্ররোচনা ও নির্দেশে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তর কালনীরচর গ্রামের হেলাল মিয়ার বসতবাড়িতে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রোসনা বেগমকে লোহার রড ও সুলফি দিয়ে মাথা ও বুকে আঘাত করে গুরুতর আহত করেন। পরে তারা ঘরে প্রবেশ করে দরজা-জানালা ও স্টিলের আলমারি ভাঙচুর করেন। এ সময় নগদ ২ লাখ টাকা, প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ ভরি ১ আনা স্বর্ণালঙ্কার, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিলিং ফ্যান, ৫০ কেজি ওজনের দুই বস্তা চাল ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কোনো আইনি পদক্ষেপ বা বিচার-সালিশ করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে—এমন হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেছেন বাদী।

পরে স্বজনরা আহত রোসনা বেগমকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাসংক্রান্ত বিষয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তা বর্তা / ওয়াদুদ