ছবি:সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ, যুক্তরাজ্য শাখা।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের নওয়াগাঁও, বহর ও নন্দিরগাঁও এলাকার তিনটি মাদ্রাসায় পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপণ ও বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ।
নওয়াগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। নন্দিরগাঁও মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ওসমান গনি এবং বহর মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, উপজেলা সভাপতি এম এ সামাদ, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও মাস্টার নজরুল ইসলাম।
এ ছাড়া পরিষদের সহসভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু, প্রবাসী রাসেল আহমদ শরীফ, মাসুক আহমদ ও সাজু আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ও ইউপি সদস্য শামীম আহমদের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহর মাদানীয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ এবং নন্দিরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নন্দিরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




