প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৮:৩৮:৫৮ অপরাহ্ন

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

ছবি:সংগৃহীত


জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার অধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদের সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সহসভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

সভাপতির বক্তব্যে কয়েস আহমদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা, উপজেলা ও পৌর পর্যায়ে সফলভাবে উদযাপনে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার অধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও প্রতিটি ইউনিটের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

সভায় জেলার অধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বক্তব্য দেন। এ সময় জেলা যুবদলের অধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ