ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পাঁচ দিনব্যাপী স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের চতুর্থ দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে এবং সংস্থার যুবপ্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য ও ব্রত। চিকিৎসাসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সিলেটের মানুষের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় সর্বাত্মক সহায়তা নিয়ে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সব সময় মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, রেড ক্রিসেন্ট কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি সম্পূর্ণ মানবিক সেবামূলক সংস্থা। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের কাজের প্রধান সার্থকতা। এ সুন্দর আয়োজনে সহযোগিতা করায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সমাজসেবক ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ওয়াহিদুর রহমান এবং সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাবু নেওয়াজ ও নুরুল আফসার।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালিক, রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও টিম লিডার মাহবুবুল হক, মুস্তাফিজুর রহমান, কামরুন নাহার, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক আসাদ উদ্দিন, সমাজসেবক মহি উদ্দিন মুহিন, মনসুর আহমদ, নুরুল হক মাছুম, দিনার আহমদ, মাহবুব আহমদ, ফজলু মিয়াসহ আরও অনেকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




