ছবি:সংগৃহীত
মার্কিন বাণিজ্য চুক্তি ও নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
এ দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেটের আম্বরখানা পয়েন্টে জোটের জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য বুশরা সোহাইলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক আবু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়সহ অন্য নেতারা।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, যা বর্তমানে বাস্তবায়ন করছে নির্বাচিত বিএনপি সরকার। তাঁদের দাবি, সংসদে বিরোধী দল জামায়াত ও এনসিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের বিষয়ে নীরব সমর্থন দিচ্ছে। এতে দেশের স্বার্থ ও নিরাপত্তার চেয়ে বৃহৎ বিদেশি শক্তির সমর্থন পাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল এবং দেশের স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার দাবি জানান। একই সঙ্গে এসব দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান জোটের নেতারা।
পথসভা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




