ছবি:সংগৃহীত
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল পর্ব। দিনভর যুক্তি, পাল্টা যুক্তি আর বিজ্ঞানের পক্ষে-বিপক্ষে তথ্যনির্ভর বিশ্লেষণে মুখর ছিল সিলেটের দি এইডেড হাইস্কুলের হলরুম। ছয় জেলার ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট। রানার্সআপ হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মঞ্চে মাইক, সামনে বিচারকমণ্ডলী আর দুই পাশে আত্মবিশ্বাসী খুদে বিতার্কিকদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। কেউ যুক্তি উপস্থাপন করেছে তথ্য-উপাত্তের ভিত্তিতে, কেউ আবার প্রতিপক্ষের বক্তব্যের জবাব দিয়েছে পাল্টা যুক্তিতে। প্রতিটি পর্বেই উঠে এসেছে বিজ্ঞানের প্রয়োজনীয়তা, যুক্তিবাদী চিন্তা ও অনুসন্ধিৎসু মন গঠনের গুরুত্ব।
অঞ্চল পর্বে অংশ নেওয়া ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো-সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল এবং ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তি বিশ্বকে অনেক দূর এগিয়ে নিয়েছে। দৈনন্দিন জীবন থেকে আধুনিক সভ্যতার প্রতিটি অগ্রগতিতে বিজ্ঞানের অবদান রয়েছে। সমাজ ও সভ্যতার জটিল প্রশ্নের সমাধানও বিজ্ঞানের সুনির্দিষ্ট সূত্র ও যুক্তির মধ্যে নিহিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মন ও বিশ্লেষণাত্মক চিন্তার বিকাশ ঘটায়, যা ভবিষ্যতে সুসংগঠিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমকাল সিলেট ব্যুরোপ্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে এবং জেলা সুহৃদ সমাবেশের সভাপতি তামিম রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু।
বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট ডিবেট ফেডারেশনের অফিস সেক্রেটারি সানজিদা সাফা মজুমদার এবং সংগঠনটির অর্গানাইজিং সেক্রেটারি সাদিয়া রহমান অন্তু।
বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমকাল সিলেট ব্যুরোর স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ ও রাজনীতিবিদ তালুকদার মকবুল হোসেন, সমাজসেবী জুরেজ আব্দুল্লা গুলজার, সমকালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল আহসান, সমকাল সুহৃদ তানজিনা আক্তার শিরিন, হাবিবুর রহমান তানভীর, জুনায়েদ আহমদ, মাইন উদ্দিন, মুনিরা রহমানী মাহা, আহমদ আব্দুল্লাহ সিনদীদ ও আহমদ ইবাদ উল্লাহ যাকওয়ানসহ অনেকে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




