সংগৃহিত
সিলেটের জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এস্কেভেটরের চালক ছিলেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের কুই ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মেসার্স সিটি এন্টারপ্রাইজের লরি ট্রাক (সিলেট-শ-১১-০০৭৩)যোগে একটি এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর রহমান। হরিপুর-কানাইঘাট-গাছবাড়ী সড়কের পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়।
এ সময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এবাদুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরে জৈন্তাপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




