সংগৃহিত
হবিগঞ্জের মাধবপুরে অপরিষ্কার ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর স্টেডিয়ামপাড়া এলাকার আলিফলাম বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বেকারি কারখানার মালিক পশ্চিম মাধবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়াকে (৩০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়মকানুন না মেনে কারখানায় বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিষ্কার ও নোংরা। এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল খাদ্যপণ্যে মিশিয়ে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হবিগঞ্জের কর্মকর্তারা এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন। মাধবপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




