ডেন্টাল সার্জন আছেন, নেই প্রয়োজনীয় সরঞ্জাম; ব্যা/হত দন্ত চিকিৎসা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ AM

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স

ডেন্টাল সার্জন আছেন, নেই প্রয়োজনীয় সরঞ্জাম; ব্যা/হত দন্ত চিকিৎসা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১১:১৫:০০ PM

ডেন্টাল সার্জন আছেন, নেই প্রয়োজনীয় সরঞ্জাম; ব্যা/হত দন্ত চিকিৎসা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে দন্ত চিকিৎসাসেবা। ডেন্টাল ইউনিটে গুরুত্বপূর্ণ একাধিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বিকল কিংবা অনুপস্থিত। একই সঙ্গে ল্যাবরেটরি টেকনোলজিস্ট (ডেন্টিস্ট) পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সীমিত পরিসরে চলছে বিভাগটির কার্যক্রম। ফলে দাঁতের জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও চিকিৎসকদের কাছে।

সরেজমিনে বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে গিয়ে কোনো ডেন্টাল সার্জনকে পাওয়া যায়নি। ওই কক্ষে একজন ইন্টার্ন চিকিৎসককে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। এ সময় দন্ত চিকিৎসা নিতে আসা রোগীদেরও ভোগান্তিতে পড়তে দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার সরঞ্জাম, সাকার মেশিন ও আধুনিক ডেন্টাল চেয়ারসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে বিকল অথবা নেই। এসব যন্ত্রপাতির অভাবে স্কেলিং, স্থায়ী ফিলিং, রুট ক্যানেল চিকিৎসা এবং দাঁতের জটিল সংক্রমণের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসা নিতে আসা পৌর এলাকার বাসিন্দা জসিম শিকদার বলেন, “দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু ডেন্টাল চেয়ারে সমস্যা থাকায় প্রয়োজনীয় চিকিৎসা পাইনি। শেষ পর্যন্ত বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হবে।”

রোগীদের অভিযোগ, শুধু যন্ত্রপাতির সংকটই নয়, ডেন্টাল ইউনিটের পরিবেশও সন্তোষজনক নয়। চিকিৎসাকক্ষ আরও পরিচ্ছন্ন, আধুনিক ও রোগীবান্ধব করার দাবি জানিয়েছেন তারা।

মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, “সাধারণ মানুষের জন্য সরকারি দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে বিভাগটি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। বিকল যন্ত্রপাতি মেরামত ও আধুনিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে পূর্ণাঙ্গ সেবা চালু করা জরুরি।”

দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডা. নিবেদিতা রায় বলেন, “আমরা অনেক সময় প্রাথমিক চিকিৎসা দিতেও সমস্যায় পড়ি। ডেন্টাল চেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “বর্তমানে এখানে প্রাথমিক দন্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে জটিল চিকিৎসার জন্য ডেন্টাল এক্স-রে, সাকার মেশিনসহ আরও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। যন্ত্রপাতি মেরামত এবং একজন টেকনিশিয়ান নিয়োগের জন্য আবেদন করা হয়েছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, বিকল সরঞ্জাম মেরামত এবং শূন্য পদে জনবল নিয়োগ করা হলে মাধবপুরের সাধারণ মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই প্রয়োজনীয় দন্ত চিকিৎসা নিতে পারবেন। এতে একদিকে রোগীদের ভোগান্তি কমবে, অন্যদিকে বেসরকারি চিকিৎসার অতিরিক্ত খরচ থেকেও অনেকটা রেহাই মিলবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ