ছবি:সংগৃহীত
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্বনাথের রামধানা উত্তরে অবস্থিত লাইসিয়াম স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শিক্ষা ও সাক্ষরতা, বিদ্যালয়, গ্রামবাংলা, পরিবেশ, প্রকৃতি ও বাংলাদেশের সৌন্দর্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ছবি আঁকে। রং-তুলির মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায়।
লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রানা বলেন, ‘বই ও কলমের পাশাপাশি রং-তুলিও অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে। সাক্ষরতা দিবসে শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
ওআরবি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা এবং তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। এর মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির প্রতি শিশুদের আগ্রহ তৈরির একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আশা করি।’
প্রতিযোগিতা শেষে তৃতীয় শ্রেণিতে নুসরা, বুশরা ও আমিনা; চতুর্থ শ্রেণিতে আয়ান, রিহান ও রিয়া এবং পঞ্চম শ্রেণিতে আবির, মুনতাহা ও তাসকিন বিজয়ী হয়।
পরে বিজয়ীদের হাতে ওআরবি গ্রন্থাগারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




