ছবি:সংগৃহীত
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা গাড়ি আটক করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজারের হক ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও ঢাকা মেট্রো-চ-৫৩-২১৩২ নম্বরের একটি নোহা গাড়ি আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে, পলাতক সহযোগীদের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও পরিবহন করা হতো।
এ ঘটনায় মোগলাবাজার থানায় ৯ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




