ছবি:সংগৃহীত
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় নতুন করে ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং জেলা দলের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি রেজাউল করিম নাচনকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
৭ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন-সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ।
জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আইনটির ধারা ২(৪) ও ৮ অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের কথাও উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন সিলেটের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। তিনি সিলেট জেলা দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি। সাম্প্রতিক বিভিন্ন ক্রীড়া আয়োজনে তাঁকে সিলেটের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ায় সিলেটের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। বিশেষ করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং জেলা পর্যায়ের খেলাধুলাকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে জেলার খেলাধুলার উন্নয়ন ও প্রসার, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, আন্তঃউপজেলা প্রতিযোগিতা আয়োজন এবং জেলা দলগুলোকে জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




