ছবি:সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয়ের রাতটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোলের জন্য। একের পর এক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে তাঁর করা অসাধারণ গোলটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেউ তাঁকে বলছেন ‘বাংলাদেশের মেসি’, কেউ আবার নেইমারের সঙ্গে তুলনা করে ডাকছেন ‘ফারহান জুনিয়র’। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজেও গোলটির ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে-‘ম্যাজিক’।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফারহানের এই গোল শুধু দর্শকদের আনন্দই দেয়নি, বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার বার্তাও দিয়েছে। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে একাধিক ডিফেন্ডারকে নিজের দক্ষতায় পরাস্ত করে জালে বল পাঠান এই তরুণ। তাঁর গতি, বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও গোল করার কৌশল দেখে অনেকেই লিওনেল মেসি ও নেইমারের খেলার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
ফারহানের গোলটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও প্রশংসা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে এমন ব্যক্তিগত নৈপুণ্যের গোল অনেকটাই বিরল। ইউরোপীয় ফুটবলে মেসি, রোনালদো কিংবা নেইমারের এমন নৈপুণ্য দেখতে অভ্যস্ত দর্শকেরা এবার নিজেদের জাতীয় দলের একজন ফুটবলারের কাছ থেকে সেই জাদু দেখার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও ফারহানের পারফরম্যান্সে মুগ্ধ। তবে অন্য কোনো তারকার সঙ্গে তুলনা না করে নিজের পরিচয়েই ফারহানকে প্রতিষ্ঠিত দেখতে চান তিনি। জামাল বলেন, ‘আমি চাই, ফারহান নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের আনন্দ থাকলেও এখন দলের মনোযোগ পাকিস্তান ম্যাচে। চার গোলের ব্যবধানে জয় এবং প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়ায় সন্তুষ্ট অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে পরবর্তী ম্যাচকে কঠিন হিসেবে দেখছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সাংবাদিকদের জামাল বলেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।’
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের জয় ৫টি। বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জামাল। তাঁর মতে, পরবর্তী ম্যাচে পুরো দলকে ফিট ও প্রস্তুত রাখা জরুরি। তিনি বলেন, ‘আমাদের পুরো দলকেই প্রয়োজন। গতকাল ম্যাচ খেলেছি, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। তাই পুরো দলকে প্রস্তুত রাখা জরুরি।’
চোটের কারণে ডিফেন্ডার সাদ উদ্দিনের সাফ অভিযান শেষ হওয়ায় তাঁর বিকল্প খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন অধিনায়ক। এ ক্ষেত্রে পুরো স্কোয়াডকে প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরীর পারফরম্যান্সেও মুগ্ধ জামাল। তাঁকে দলের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘হামজা দলের সেরা খেলোয়াড়। ওর জন্য আমি সত্যিই খুব খুশি।’
আগামী ১৪ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে বেলা ৩টায় ভারত ও ভুটান মুখোমুখি হবে। একই দিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২০০৩ সালে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ২৩ বছর ধরে আর শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। ফারহান, হামজা ও জামালদের পারফরম্যান্স সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে। তবে শিরোপার পথে এগোতে হলে এখন পাকিস্তানের বাধা পেরোতেই হবে বাংলাদেশকে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




