সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

কর্মব্যস্ততার বাইরে নিজেকেও সময় দিতে হবে সাংবাদিকদের: সিসিক প্রশাসক

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন


সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে শারীরিক ও মানসিক সুস্থতা, বিনোদন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। দৈনিক জৈন্তা বার্তার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা।

রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার যেন শেষ নেই। পেশাগত দায়িত্ব পালনে দিনের অধিকাংশ সময় সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও পরিবেশনার কাজে ব্যয় করতে হয়। ফলে অনেক সময় নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না। এ অবস্থায় শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।

তিনি বলেন, সাংবাদিকদের শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই হবে না, কর্মব্যস্ততার বাইরে নিজেকেও সময় দিতে হবে। পরিবার-পরিজনকে সময় দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এতে শরীর ও মন ভালো থাকবে, কাজের একঘেয়েমি দূর হবে এবং নতুন উদ্যমে পেশাগত দায়িত্ব পালনের শক্তি ও আগ্রহ তৈরি হবে। খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সিসিক প্রশাসক আরও বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা প্রতিনিয়ত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সিলেট জেলা প্রেসক্লাবের এ উদ্যোগ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যাশা জানান তিনি।

সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিয়নের সেক্রেটারি তোফাজ্জল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সহসাধারণ সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ।

বিশেষ অতিথিরা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিনিয়ত নানা ধরনের চাপ ও ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য দেবাশীষ দেবু, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দিন আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম। পবিত্র গীতা পাঠ করেন ক্লাবের সহসভাপতি সজল ঘোষ।

এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫