ছবি:সংগৃহীত
সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ নলকূপ স্থাপনকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি বলেন, নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। পীরমহল্লা এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, নগরীর যেসব এলাকায় পানির সংকট রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকায়ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকে আধুনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী সুনীল সিংহ ও রনধীর রায়সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




