ছবি:সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




