তাঁতী দলের সঙ্গে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ AM

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন নেতৃত্ব সামনে আনতে হবে: নাসিম হোসাইন

তাঁতী দলের সঙ্গে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১১:২৪:০২ PM

তাঁতী দলের সঙ্গে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোনো অবস্থাতেই দলে ডেভিল ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হবে না। তাঁতী দলের আগামী কমিটি গঠনের ক্ষেত্রে দুঃসময়ে রাজপথে বুক চিতিয়ে লড়াই করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। পাশাপাশি মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে দলের জন্য কাজ করতে প্রস্তুত নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সিলেট মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাসিম হোসাইন বলেন, আমরা বর্তমানে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং দলকে আরও শক্তিশালী করতে তাঁতী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দলের আগামী দিনের কমিটি গঠনে ত্যাগী, যোগ্য ও নিবেদিত নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যারা সুসময়ের কোকিল, দলের ক্রান্তিলগ্নে পাশে ছিলেন না কিংবা ব্যক্তিস্বার্থে দল পরিবর্তনের ইতিহাস রয়েছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা একটি স্বচ্ছ, গতিশীল ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দলের আদর্শ বাস্তবায়নে কাজ করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবেন।

সভায় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ, সদস্যসচিব আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, আব্দুল জলিল, মুর্শেদ আহমদ, মুনিম আহমদ, উজ্জ্বল আহমদ, নজির আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ