ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জাসাস সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার ও সাধারণ সম্পাদক রায়হান এইচ খানের নেতৃত্বে নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জাসাস দেশের সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সিলেটে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ ও সম্প্রীতির চেতনা জাগ্রত করতে জাসাসের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাসাস সিলেট জেলা শাখার ৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




