ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মোটরসাইকেল নিয়ে তালিমপুর গ্রামে বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন সাদিক। পথে সড়কে থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিকের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, তালিমপুর এলাকায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




