দেশে ফিরলেন রেজাউল করিম নাচন, বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ PM

দেশে ফিরলেন রেজাউল করিম নাচন, বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:৪০:০৮ PM

দেশে ফিরলেন রেজাউল করিম নাচন, বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব, সাবেক কৃতি খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচনকে যুক্তরাষ্ট্র সফর শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছালে বিভিন্ন রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ক্রীড়ামোদী ও শুভাকাঙ্ক্ষী। তাদের উচ্ছ্বাস ও শুভেচ্ছায় বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিনের ক্রীড়া-সংশ্লিষ্টতা এবং মাঠ ও সংগঠনে অভিজ্ঞতার কারণে রেজাউল করিম নাচনের নতুন দায়িত্বকে ঘিরে সিলেটের ক্রীড়াঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা নবগঠিত অ্যাডহক কমিটির মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রেজাউল করিম নাচন তাকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। জাতীয় ক্রীড়া পরিষদ আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, সিলেটের ক্রীড়ামোদী সকল মানুষকে সঙ্গে নিয়ে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।’

নাচন বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, বয়সভিত্তিক খেলাধুলার প্রসার এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাই হবে আমাদের অ্যাডহক কমিটির মূল লক্ষ্য।’

রেজাউল করিম নাচন দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সিলেট জেলা দলের হয়ে ক্রিকেট ও ফুটবলে খেলেছেন তিনি। ক্রীড়াঙ্গনে খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিকবার সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা, সংগঠক হিসেবে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সিলেটের ক্রীড়াঙ্গন সম্পর্কে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কারণে ডিএসএর অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে নাচনের দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রীড়ামোদীদের উচ্ছ্বাসে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সুধীজনরা রেজাউল করিম নাচনের নতুন দায়িত্বের মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

উপস্থিত সুধীজনরা আশা প্রকাশ করেন, রেজাউল করিম নাচনের নেতৃত্বাধীন নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে সিলেটের ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটিয়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ