আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ - কয়েস লোদী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ PM

আম্বরখানা গার্লস স্কুলে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ - কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:৪৮:২৭ PM

আজকের নবীনরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ -  কয়েস লোদী

ছবি:সংগৃহীত


সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টিকে শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই আলাদা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে। একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে।‘

কয়েস লোদী আরও বলেন, ‘আমাদের মেয়েরা আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে-এটাই আমাদের প্রত্যাশা।’

অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ সম্পন্ন হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ