সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর আত্মসাৎ করা টাকা ফেরত এবং মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছেন তিনি।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গড়গাঁও গ্রামের বাসিন্দা মো. আনোয়ার আলী নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ব্যাংক এশিয়ার স্থানীয় এজেন্ট শাখা থেকে তার ভাতার প্রথম কিস্তির ১১ হাজার টাকা তোলেন। টাকা উত্তোলনের সময় তার সঙ্গে ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের নারী সদস্য মিনা বেগম। টাকা তোলার পর বিভিন্ন খরচের অজুহাতে মিনা বেগম আনোয়ার আলীর কাছ থেকে ৮ হাজার টাকা নিজের কাছে রেখে দেন এবং বাকি ৩ হাজার টাকা তার হাতে দেন।
টাকা লেনদেনের বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংকের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে ঘটনাটি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করেন। এরপর সমাজসেবা কর্মকর্তা তাদের দুজনকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নারী সদস্য মিনা বেগম নিজের অপরাধ স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে নেওয়া টাকা ফেরত দিয়ে এবং স্ট্যাম্পে সই করে মুচলেকা দেওয়ার মাধ্যমে সে যাত্রায় তিনি রেহাই পান।
জৈন্তাবার্তা/আরআর




