ছবি:সংগৃহীত
সিলেটের সীমান্তঘেঁষা গোয়াইনঘাট উপজেলায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩২ জন, চোরাচালান মামলায় ২৩ জন, জিআর পরোয়ানায় ৬১ জন, জিআর সাজাপ্রাপ্ত ১৩ জন, সিআর পরোয়ানায় ৪০ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১১ জন, নিয়মিত মামলায় ৬৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৯ জন রয়েছেন।
এ সময়ে ২৮টি মাদক মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কাফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬১ দশমিক ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ১৭টি চোরাচালান মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, প্রায় ৯ হাজার ৮৭২ পিস ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত সিএনজি, পিকআপ, নৌকা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি থানার কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ও প্রচারণার বিষয়ও আলোচনায় এসেছে। তবে পুলিশ বলছে, কোনো ধরনের প্রচারণায় প্রভাবিত না হয়ে আইন অনুযায়ী অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




