ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাগত এইচএসসি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এ সময় যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে নিরাপদ আশ্রয়ের জন্য দিগ্বিদিক ছুটতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার পৃথক কর্মসূচি নিয়ে একই এলাকায় অবস্থান নেওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়।
ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




