ছবি:সংগৃহীত
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে সাদাপাথর পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও তাঁর ৯ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড় এলাকায় কেওয়ছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মা ও মেয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র ৯ মাস বয়সী শিশুকন্যাসহ একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।
তিনি জানান, নিহত দুজনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




