মধুমিতা হলে বসছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ PM

মধুমিতা হলে বসছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০৫:২৭:০৫ PM

মধুমিতা হলে বসছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ চলচ্চিত্র উৎসব

সংগৃহীত


ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা। আর এই সিনেমা হলে আগামী ২২ আগস্ট শুরু হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। মূলত ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।গতকাল বুধবার মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।এতে জানানো হয়, উৎসবটির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সপ্তাহব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ১৩টি বাংলা সিনেমা। উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘মুখ ও মুখোশ’। দ্বিতীয় দিন ২৩ আগস্ট বেলা ৩টায় ‘নবাব সিরাজ উদ্দৌলা’ ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’। ২৪ আগস্ট সোমবার বেলা ৩টায় থাকছে ‘জীবন থেকে নেয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’ সিনেমার প্রদর্শনী।চতুর্থ দিন ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’; পঞ্চম দিন বেলা ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’; ষষ্ঠ দিন বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট শেষ দিন বেলা ৩টায় দেখা যাবে ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

সমাপনী দিন সিনেমা প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।এ উৎসব বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি আর সদস্য রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর।

জৈন্তাবার্তা/ সুলতানা