ছবি:সংগৃহীত
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার প্রসার এখন সময়ের দাবি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী। পরে রেজিস্টারি মাঠ থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পুনরায় রেজিস্টারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আইডিইবি সিলেট জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিকল্প শিরোনাম:
সিলেটে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র্যালি
উন্নত বাংলাদেশ গঠনে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী প্রয়োজন: কাইয়ুম চৌধুরী
কারিগরি শিক্ষার প্রসার টেকসই উন্নয়নের পূর্বশর্ত: সিসিক প্রশাসক
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




