ছবি:সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমবিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরে মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, বাড়ির আঙিনা, ফুলের টব, এসির পানি জমার স্থানসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে নগরবাসীকে সচেতন করতে হবে।
ওয়ার্ড সুপারভাইজার, ওয়ার্ড সচিব ও বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, প্রতিটি এলাকায় জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সিটি করপোরেশনের তৈরি সচেতনতামূলক লিফলেট প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে নগরবাসীকে জানাতে নিয়মিত প্রচার-প্রচারণাও চালাতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, মসজিদ ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে জুমার নামাজের আগে খুতবার পূর্বে মসজিদগুলোতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের অনুরোধ জানানো যেতে পারে।
নগরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগর উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে। নগরের উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে দুটি বড় প্রকল্প নিয়ে কাজ চলছে। এর একটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত প্রকল্প। অপরটি বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সংকট হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




