ছবি:সংগৃহীত
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং: চট্ট-২৩৫৯) কুলাউড়া উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মইনুল হক বকুল।
তফসিল ঘোষণার আগে শ্রমিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুলাউড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আব্দুল মুহিত বাবলু, সহকারী সদস্যসচিব রেজাউল আলম ভূঁইয়া খোকন, সদস্য হাজী আব্দুস সামাদ, আতিকুল ইসলাম আতিক, আব্দুর রাজ্জাক প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নতুন শ্রমিক কার্ড সংগ্রহ ও পুরোনো কার্ড নবায়নের শেষ তারিখ ২৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। তালিকার বিষয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর।
মনোনয়নপত্র ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর বিকেল ৫টা। ১১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ ডিসেম্বর আপিল দাখিল এবং ১৩ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ ডিসেম্বর।
তফসিল অনুযায়ী, ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোটকেন্দ্রের নাম পরে ঘোষণা করা হবে। ভোটগ্রহণের তিন দিন আগে কেন্দ্রের নাম প্রকাশ করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংগ্রহ করা যাবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




