ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা ও মইয়ারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মো. রাসেল আলী (৪৬) এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)। রাসেল আলী পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে। অন্যদিকে মাআজ মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আড়াইটার দিকে মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, রাসেল আলী ২০২৪ সালের ২২ আগস্ট জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। অন্যদিকে ইহতেশাম আহমদ মাআজ চলতি বছরের ২ আগস্ট একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




