ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক সমাবেশ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

‘গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই’

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ১০:১৩:০৬ অপরাহ্ন

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের নাগরিক সমাবেশ

ছবি:সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী চার উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাগরিক সমাবেশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন জাকারিয়ার পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. জয়নাল আবেদীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান আল মিসবাহ।

সমাবেশে বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ রহিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রভাষক আসাদুল আলম চৌধুরী, আবুল মনসুর সাজু চৌধুরী, সহসভাপতি ওমর ফারুক ও ডা. মঈনুল হক, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, আইন সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাজী মুহিবুর রহমান, সহসভাপতি এনামুল হক ও শমসের আলম, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম, সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট মামুন রশীদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান, গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আহমদ, ডি. এম. মইনুল হক সিদ্দিকী, মো. আব্দুর রউফ, ব্যাংকার মো. ফয়জুল জালাল, কাওছার আহমদ, মামুন রশীদ তাজ, কিউ এম ফররুক আহমদ ফারুক, আবু ছালেহ মো. সদর উদ্দিন ও মাহফুজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায়ে নাগরিক সমাবেশ, সুধী সমাবেশ, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ দফা দাবি সরকারের নজরে আনার চেষ্টা চলছে। সম্মিলিত প্রচেষ্টায় এসব দাবি ইতোমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। দল-মতনির্বিশেষে বৃহত্তর জৈন্তিয়ার মানুষ ঐক্যবদ্ধ হলে ন্যায্য অধিকার আদায় সম্ভব।

তাঁরা বলেন, বর্তমান সরকারের সময়ে এলাকার উন্নয়নে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। স্থানীয় অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স-সংক্রান্ত পরিকল্পনা, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগে বাজেট বরাদ্দ, মহাসড়ক উন্নয়ন এবং পাথর কোয়ারি খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নে ৫ হাজার ১০০ কোটি টাকার একনেক অনুমোদনের খবরে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন বক্তারা।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী তিনটি উপজেলার সংসদ সদস্য হলেও কানাইঘাটকেও উন্নয়ন কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করেছেন। বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন তাঁরা। অতীতে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নের উদাহরণ তুলে ধরে বক্তারা বলেন, সম্মিলিতভাবে দাবি তুলে ধরলে সরকারের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করা সম্ভব।

সমাবেশে বক্তারা বৃহত্তর জৈন্তিয়ার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে ঘরে ঘরে গ্যাস সংযোগের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৫৫ সালে হরিপুরে গ্যাস আবিষ্কারের পরও গ্যাসক্ষেত্র এলাকার বাসিন্দারা যুগের পর যুগ এ সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা এ জনপদের উন্নয়নে চার উপজেলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ১০ দফা দাবির মধ্যে জৈন্তাপুর পৌরসভা গঠন, সেচ প্রকল্প বাস্তবায়ন, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, তিন উপজেলায় পর্যটন সড়ক নির্মাণ, জৈন্তিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা এবং ঢাকা-সিলেট-জাফলং সড়কের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে তাঁরা উল্লেখ করেন। জাফলং ও শারপিং টিলা ছাড়া অন্যান্য পাথর কোয়ারি খুলে দেওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সমাবেশে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট মো. আব্দুল আহাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি চার উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার বৃহত্তর জৈন্তিয়ার মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৪ সালের ১৫ নভেম্বর বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ গঠিত হয়। ২৬ নভেম্বর ২০২৪ তৎকালীন প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি দেয় সংগঠনটি। ওই সময় সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্মারকলিপি গ্রহণ করেন। পরবর্তী সময়ে চার উপজেলার বিভিন্ন পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় সভা, জনসভা, পথসভা, মানববন্ধন ও কমিটি গঠনের মাধ্যমে দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার কার্যক্রম চালায় পরিষদ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: