ছবি:সংগৃহীত
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি-এই পাঁচ জেলার ২০টি উপজেলার মোট ২৩০টি চা-বাগান কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫টি কেন্দ্র রয়েছে মৌলভীবাজার জেলায়। এ জেলার চা-বাগানগুলোতে ভোটার রয়েছেন প্রায় ৬০ হাজার ৪৮২ জন।
নির্বাচনে সারা দেশে প্রায় ১ লাখ ৪৫ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার নিবন্ধিত চা-শ্রমিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই নির্বাচনের মাধ্যমে চা-শ্রমিকরা তিনটি স্তরে প্রতিনিধি নির্বাচন করছেন। এগুলো হলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, নিজ নিজ ভ্যালি নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করেছে।
উল্লেখ্য, ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে ২০১৮ সালের ২৪ জুনের পর বিভিন্ন জটিলতায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আট বছর পর ভোট দিতে পেরে চা-শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




